আইসিসিকে নিষেধাজ্ঞার আওতায় আনছে যুক্তরাষ্ট্র
যোগফল প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)–এর ওপর সরাসরি কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক চলাকালীন এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
এর আগে ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় আইসিসির কয়েকজন বিচারক ও কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এবার পুরো প্রতিষ্ঠানটিকেই নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তুতি চলছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কার্যকর হলে আইসিসির দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর মার্কিন ডলার কিংবা যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে আইসিসি কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
এর ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে আদালত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আইসিসির প্রযুক্তিগত সেবা কেনা, বীমা পরিচালনা এবং তদন্তকারীদের বেতন-ভাতা দেওয়ার মতো স্বাভাবিক কার্যক্রমও সংকটে পড়তে পারে।
নেপথ্যে গাজা যুদ্ধের মামলা
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করার পর থেকেই আদালতটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় মার্কিন প্রশাসন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আইসিসিকে একঘরে করতে এবং প্রয়োজনে এর কার্যক্রম বন্ধ করে দিতে পদক্ষেপ নিতে প্রস্তুত।
অন্যদিকে, আইসিসির কার্যক্রম সুরক্ষিত রাখতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাদের বিশেষ সুরক্ষা আইন বা ‘ব্লকিং স্ট্যাটাস’ দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন আদালটির বিভিন্ন কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় আইসিসিকে সহায়তা করতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও আইসিসির কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে আদালত এবং এর সমর্থক দেশগুলো।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন